মিশরে ঈদ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যাভোজ অনুষ্ঠিত

মিশরে অবস্থানরত বাংলাদেশি সুফি ভাবধারার আলেম-শিক্ষার্থীদের শীর্ষ সংগঠন “আহলে সুন্নাত ওয়াল জামাআত”-এর উদ্যোগে কায়রোতে এক ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যাভোজ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৭ মে) বাদ মাগরিব পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই মহতী অনুষ্ঠানের শুভসূচনা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সুফি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নাশিদ পরিবেশনা। এতে সমবেত আলেম ও শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হৃদয়স্পর্শী না‘ত এবং সুমধুর কাসিদা পরিবেশন করেন। রাসুলপ্রেমে (সা.) উদ্বুদ্ধ ও আধ্যাত্মিক সুধায় সিক্ত এসব পরিবেশনা উপস্থিত প্রবাসীদের মাঝে এক অনন্য আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। নাশিদ পরিবেশনের পাশাপাশি সমকালীন বিশ্বে ইসলামি সংস্কৃতি, তাসাউউফের প্রাসঙ্গিকতা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার বিভিন্ন তাত্ত্বিক দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের সভাপতি মাওলানা সাইফুর রহমান আজহারী গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসের কর্মব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝেও নিজের দ্বীনি চেতনা, ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক বজায় রাখতে এ ধরনের ইসলামি সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আল-আযহারের ছাত্রদের মূলধারার জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের জীবনে নৈতিকতা, শুদ্ধাচার এবং আধ্যাত্মিক চর্চার প্রতি বিশেষ গুরুত্বারোপ করার আহ্বান জানান।

আউলিয়ায়ে কেরামের ঐতিহ্যবাহী ধারা অনুযায়ী গভীর রাতে পবিত্র মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমাপনী বক্তব্য ও আখেরী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মিশরের প্রধান উপদেষ্টা মাওলানা শিহাব উদ্দিন আজহারী। মোনাজাতে তিনি দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মাহ এবং প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, শিক্ষাজীবনের সফলতা এবং বিশ্ব শান্তির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। পরিশেষে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল মেহমান ও শিক্ষার্থীদের সম্মানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজ ও তাবারুক বিতরণের মাধ্যমে এই বরকতময় আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত