মিশরে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গিয়ারভী শরীফ উদযাপিত

 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুফি ঐতিহ্যের পাদপীঠ মিশরে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র গিয়ারভী শরীফ উদযাপিত হয়েছে। গত ৮ মে (শুক্রবার) কায়রোতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মিশর শাখা ও সুফি আযহারী ছাত্রদের যৌথ ব্যবস্থাপনায় এই আধ্যাত্মিক মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র জিলকদ মাস উপলক্ষে আয়োজিত এই মাহফিলে মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ আল-আযহার ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাহফিলটি সঞ্চালনা করেন মাওলানা নিজামু উদ্দিন আযহারী। মাগরিবের নামাজের পরপরই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অত্যন্ত সুললিত কণ্ঠে নাতে রাসুল পরিবেশন করা হয়। পরবর্তীতে সিলসিলা-এ-আলিয়া কাদেরিয়ার ঐতিহ্য অনুযায়ী সম্মিলিতভাবে ‘খতমে গিয়ারভী শরীফ’ পাঠ করা হয়। এ সময় শিক্ষার্থীদের জিকির ও তসবিহ পাঠে এক জান্নাতি আবহের সৃষ্টি হয়।

মাহফিলের শেষ পর্বে কিয়াম ও সালাতু-সালাম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়। বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত আত্মীয়-স্বজন এবং বিশ্বব্যাপী ইসলামের খেদমতে নিয়োজিত ওলামায়ে কেরামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাস জীবনে কর্মব্যস্ততার মাঝেও ইসলামি ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিক চর্চা বলবৎ রাখতেই এই নিয়মিত আয়োজন। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মাঝে আধ্যাত্মিকতা ও সুফি দর্শনের চেতনা জাগ্রত রাখাই এই মাহফিলের মূল লক্ষ্য।

সবশেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত