মাইজভান্ডারের হোসাইনী আই কেয়ার সেন্টারে ৬ অসচ্ছল রোগীর সফল ছানি অপারেশন

দৃষ্টিশক্তি মানুষের জীবনের অন্যতম অমূল্য সম্পদ। কিন্তু অর্থাভাবে অনেক অসচ্ছল মানুষ ছানি রোগের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এমন মানুষের মুখে আবারও হাসি ফোটাতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর উদ্যোগে আরও ৬ জন অসচ্ছল রোগীর সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) চট্টগ্রামে আয়োজিত এ মানবিক চিকিৎসা কার্যক্রমে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পান রাঙ্গুনিয়ার সৈয়দা সেলিনা আকতার (৫৫), ফটিকছড়ির হাজেরা খাতুন (৫২) ও শিরু আকতার (৪০), হাটহাজারীর জরিনা বেগম (৫৯), বাকলিয়ার নুর বেগম (৫৬) এবং চান্দনাইশের রওশন আকতার (৫১)।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভির নিবিড় তত্ত্বাবধানে অপারেশনগুলো সফলভাবে সম্পন্ন হয়। অপারেশন শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যপরামর্শ এবং পরবর্তী চিকিৎসাসেবার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় মা ও শিশু বিশেষজ্ঞ ডা. রেনুকা আলম অপারেশন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

অপারেশন-পরবর্তী সময়ে যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর কর্মকর্তারা চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। মানবিক এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল মানুষের চোখে দৃষ্টির আলো ফিরিয়ে আনার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার নতুন আশাও সৃষ্টি হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর এমন উদ্যোগ অন্ধত্ব প্রতিরোধ এবং একটি সুস্থ, মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত