দৃষ্টিশক্তি মানুষের জীবনের অন্যতম অমূল্য সম্পদ। কিন্তু অর্থাভাবে অনেক অসচ্ছল মানুষ ছানি রোগের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। এমন মানুষের চোখে আবারও আলোর দিশা ফিরিয়ে দিতে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর উদ্যোগে আরও ৬ জন অসচ্ছল রোগীর সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) চট্টগ্রামে আয়োজিত এ মানবিক চিকিৎসা কার্যক্রমে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পান চন্দনাইশের মশহোদা খাতুন (৬৪), হাটহাজারীর নুরুল হক (৭০), ফটিকছড়ির আমেনা বেগম (৫৪), চট্টগ্রাম মহানগরের দেলোয়ারা আকতার (৩৬), হাটহাজারীর জাহেদুল ইসলাম (৫৬) এবং মোজাম্মেল হক (৫৪)।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি-এর নিবিড় তত্ত্বাবধানে অপারেশনগুলো সফলভাবে সম্পন্ন হয়। অপারেশন শেষে রোগীদের প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যপরামর্শ এবং পরবর্তী চিকিৎসাসেবার নির্দেশনা প্রদান করা হয়, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
অপারেশন-পরবর্তী সময়ে যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর কর্মকর্তারা রোগীদের সার্বিক খোঁজখবর নেন, তাদের শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন এবং দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। মানবিক এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল মানুষের চোখে শুধু দৃষ্টির আলোই ফিরিয়ে আনা হয়নি, বরং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার নতুন আশারও সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যাকাত ওয়েলফেয়ার ফান্ড ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। তাদের মতে, একজন মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়া মানে একটি পরিবারকে নতুন সম্ভাবনা ও আত্মবিশ্বাসের আলোয় আলোকিত করে তোলা।