মাইজভাণ্ডারের হোসাইনী আই কেয়ার সেন্টারে ৬ অসচ্ছল রোগীর ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন

দৃষ্টিশক্তি মানুষের জীবনের এক অমূল্য নেয়ামত। অর্থাভাবের কারণে সমাজে পিছিয়ে পড়া অনেক অসচ্ছল মানুষ চোখের ছানি রোগের সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেইসব নিরূপায় মানুষের জীবনে আশার আলো ছড়াতে এবং তাদের মুখে আবারও আনন্দের হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউছিয়া হক মনজিলের ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়া্উল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ড। এই মহতী উদ্যোগে আজ আরও ৬জন অসচ্ছল ছানি রোগী সফলভাবে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের মাধ্যমে ফিরে পেয়েছেন নতুন দৃষ্টির আলো।

গত ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) চট্টগ্রামে এই সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অপারেশনের মাধ্যমে ঝাপসা চোখ কাটিয়ে নতুন দৃষ্টি ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন, নুর হোসেন (৭২) — ফটিকছড়ি, চট্টগ্রাম; শহর বানু (৬৯) — বোয়ালখালী, চট্টগ্রাম; মোহাং আকবর (৫০) — ফটিকছড়ি, চট্টগ্রাম; মনোয়ারা বেগম (৫০) — ফটিকছড়ি, চট্টগ্রাম; আব্দুল জলিল (৫৫) — ২ নং গেইট, চট্টগ্রাম এবং ছমুদা খাতুন (৬০) — বাঁশখালী, চট্টগ্রাম।‌

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভির নিবিড় ও দক্ষ তত্ত্বাবধানে রোগীদের এই ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। অস্ত্রোপচার শেষে প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ওষুধ, পরবর্তী চিকিৎসা-পরামর্শ এবং সুস্থতা বজায় রাখার জন্য জরুরি স্বাস্থ্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

অপারেশন পরবর্তী সময়ে রোগীদের সার্বিক খোঁজখবর নিতে চিকিৎসাকেন্দ্রে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আগত মানবকল্যাণে নিবেদিতপ্রাণ বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শাহারিয়ার হাবিব চৌধুরী ফাহিম। এ সময় যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁর সাথে উপস্থিত থেকে রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে আন্তরিকভাবে খোঁজ নেন এবং তাঁদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

আয়োজকেরা জানান, প্রতিটি সফল অপারেশন কেবল একটি চিকিৎসাসেবা নয়; এটি একেকটি পরিবারের আশা, জীবনের নতুন সূচনা এবং মানবতার প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতার প্রতিচ্ছবি। ‘মানুষের সেবাই আমাদের অঙ্গীকার — মানবতার কল্যাণেই আমাদের পথচলা’—এই মূলমন্ত্রকে ধারণ করে যাকাত ওয়েলফেয়ার ফান্ড ভবিষ্যতেও অসহায় মানুষের সেবায় এই ধারা অব্যাহত রাখবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত