চট্টগ্রামের ফটিকছড়ির আধ্যাত্মিক সাধনার তীর্থস্থান দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী শরিফে আগামী ১৬ মে (শনিবার), ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, হযরত গাউসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর ১২৪তম চন্দ্রবার্ষিকী (কমরী) ওরস শরিফ।
এই পুণ্যময় উপলক্ষকে সামনে রেখে ‘শান-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরাম’-এর ব্যবস্থাপনায় দরবার শরিফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের শাহী ময়দানে এক বিশাল জিকরে সামা মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার বা’দ মাগরিব শুরু হতে যাওয়া এই মাহফিলে মাইজভাণ্ডারী তরিকার নিজস্ব তরতিব ও আধ্যাত্মিক দর্শন অনুযায়ী জিকরে সামা পরিবেশন করা হবে। মাহফিলে হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারীর আধ্যাত্মিক জীবন, রুহানি শিক্ষা এবং বিশ্বশান্তি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
ওরস শরিফ ও জিকরে সামা মাহফিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান ও দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর দিকনির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাহফিলের প্রশাসনিক ও সাংগঠনিক তদারকিতে রয়েছেন শান-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের সেক্রেটারি জেনারেল এবং আমির ভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা ফরিদূল আবছার আমিরী। এছাড়া প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরহাদাবাদ দরবার শরিফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন দরবার-এ-গাউছে মওলার সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ নইমুল কুদ্দুস আকবরী।
ওরস শরিফকে কেন্দ্র করে ইতোমধ্যে দরবার শরিফ ও এর আশপাশের এলাকায় ভক্ত ও আশেকানদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকবৃন্দের পক্ষ থেকে সকল আশেকানে মাইজভাণ্ডারী ও ধর্মপ্রাণ সুফি সাধকদের যথা সময়ে মাহফিলে উপস্থিত হয়ে গাউছে পাকের নেগাহে করম ও আধ্যাত্মিক বরকত হাসিল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।