মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার পরিবেশে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাউছিয়া রহমানিয়া মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (সা.) অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারীর সভাপতিত্বে আয়োজিত মাহফিল পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তিলাওয়াত করেন মুহাম্মদ গিয়াস উদ্দিন। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মাওলানা মো. ইকরাম উদ্দিন। মানকাবাত পরিবেশন করেন মাসুদ পারভেজ, মো. আবু সালেহ ও শেখ মোহাম্মদ খালেদ হোসেন। এছাড়া মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন রেজাউল মুনির।

মাহফিলে বক্তারা পবিত্র কারবালার ঘটনা থেকে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ত্যাগ-তিতিক্ষা, ধৈর্য এবং মানবকল্যাণে আত্মনিবেদনের শিক্ষা তুলে ধরেন। তাঁরা বলেন, কারবালার আদর্শ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি নৈতিকতা, ন্যায়বিচার ও ইসলামের মৌলিক মূল্যবোধ ধারণের এক চিরন্তন অনুপ্রেরণা।

অনুষ্ঠানে বক্তব্য দেন আজিজিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মডেল দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা নাজিমুল হক আল-কাদেরী, নূর কাজী হালিমিয়া মহিলা মাদ্রাসার সিনিয়র আরবি মুদাররিস মাওলানা শাহাদাত হোসাইন আল-কাদেরী এবং মাইজভাণ্ডারী যুব ফোরাম, ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব আলী বাদশাহ।

পরে মিলাদ-কিয়াম, সেমা মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত