পবিত্র মহররম উপলক্ষে শোহাদায়ে কারবালার মহান আদর্শ, আত্মোৎসর্গ ও ইসলামের সুমহান আদর্শকে স্মরণ রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরমীখ্যাত গাছতলা রউফশাহী দরবার শরীফে এক ভাবগম্ভীর আধ্যাত্মিক মাহফিল ও পবিত্র গিয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুন (শুক্রবার) বাদ মাগরিব থেকে দরবার শরীফ প্রাঙ্গণে সর্বস্তরের ভক্ত-আশেকানদের উপস্থিতিতে এই মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে কারবালার বেদনাবিধুর ইতিহাস, আহলে বায়েতের প্রতি গভীর মহব্বত এবং সুফি দর্শনের আলোকে আত্মশুদ্ধি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এতে সভাপতিত্ব এবং আকিদা ও তাসাউফভিত্তিক তালীম প্রদান করেন রউফশাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুফতি মুহাম্মদ নাজিম উদ্দিন আল ক্বাদেরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “হযরত ইমাম হোসাইন (রা.) ও শোহাদায়ে কারবালার পবিত্র আত্মত্যাগ কেবল ইসলামের ইতিহাসের একটি শোকাবহ অধ্যায় নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার এক চিরন্তন বৈশ্বিক আদর্শ। কারবালার মূল চেতনাই হচ্ছে জালিমের দম্ভের মুখে হকের জয়গান গাওয়া।”
পবিত্র মাহফিলে উলামায়ে কেরাম ও বিশিষ্ট সুফি ব্যক্তিত্বদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভৈরব রাউফিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা এমদাদুল হক বকশী, মাওলানা মহর আলী, মাওলানা ইমাম হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ এবং হাফেজ রাকিবুল ইসলামসহ স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দরবারের ঐতিহ্যবাহী ধারা অনুযায়ী, মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও মিলাদ শরীফ পরিবেশন করা হয়। এরপর সারারাতব্যাপী জিকির-আজকার ও গিয়ারভী শরীফের তাবাররুক বিতরণ করা হয়। পরিশেষে শোহাদায়ে কারবালার রূহানি ফয়েজ ও বরকত কামনা, দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে বিশেষ সমাপনী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।