বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে মাইজভাণ্ডার দরবার শরীফের তোহফা বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, বিপন্ন ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মাইজভাণ্ডার দরবার শরীফ। দরবারের গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ এবং ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ’-এর যৌথ উদ্যোগে উপদ্রুত এলাকায় এক ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বন্যায় নিরাপদ স্থানে আশ্রয় নেয়া মানুষদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করছেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ। (ছবি: সংগৃহীত)

বন্যার পানি নেমে যাওয়ার পর চলমান সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-কষ্ট লাঘব এবং পুনর্বাসনে সহায়তার লক্ষ্যে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্যোগের অংশ হিসেবে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত অসংখ্য পরিবারের মাঝে প্রয়োজনীয় তোহফা (ত্রাণসামগ্রী) অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়।

পুরো ত্রাণ কার্যক্রমটি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের ‘ত্রাণ ও দুর্যোগ মোকাবেলা সেল’-এর দক্ষ ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় পর্ষদের পাশাপাশি তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অঞ্চলের শাখা কমিটিগুলোর ব্যবস্থাপনায়ও বন্যা উপদ্রুত প্রত্যন্ত এলাকাসমূহে অবরুদ্ধ বানভাসী মানুষদের কাছে নিয়মিত উপহার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত