বগুড়ার মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী মাহী-সাওয়ারের ওরস শরীফ আজ

 

পুণ্যভূমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে আজ শুরু হয়েছে প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী মাহী সওয়ার (রহ.)-এর বাৎসরিক ওরস শরীফ। প্রতি বছরের ন্যায় বৈশাখের শেষ বৃহস্পতিবারকে কেন্দ্র করে আয়োজিত এই আধ্যাত্মিক মিলনমেলায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত ও আশেকান মহাস্থানগড়ে সমবেত হয়েছেন।

সকাল থেকেই মাজার প্রাঙ্গণ ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পবিত্র কুরআন খতম, মিলাদ শরীফ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভক্তরা মাজার জিয়ারত, জিকির ও নফল ইবাদতের মাধ্যমে মহান এই অলি-আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছেন। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলা থেকে কাফেলা ও মানত নিয়ে আসা মানুষের উপস্থিতিতে মাজার এলাকা এখন এক আধ্যাত্মিক আমেজে পরিপূর্ণ।

ওরস শরীফ উপলক্ষে মাজার ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মাজার কমিটি জানিয়েছে, ভক্তদের নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ও স্বেচ্ছাসেবকগণ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া আগত ভক্তদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, ওজু ও শৌচাগারের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ওরস শরীফকে কেন্দ্র করে মাজার সংলগ্ন এলাকায় বসেছে বিশাল গ্রামীণ মেলা। মেলায় মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী ‘কটকটি’র চাহিদা বরাবরই তুঙ্গে। এছাড়া মাটির তৈরি তৈজসপত্র, খাজা, বাতাসা এবং কুটির শিল্পের হরেক রকম পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। গ্রামীণ ঐতিহ্যের এই মেলা স্থানীয় অর্থনীতিতেও বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে এই বাৎসরিক ওরস শরীফ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত