জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিএনপির পোস্টে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে পূর্ণাঙ্গ কালিমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়।
এর আগে ১১ মার্চ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও জানিয়েছিলেন, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে ক্যালিগ্রাফিটি স্থাপনের বিষয়টি প্রকাশিত হয়।
পাশাপাশি বিএনপির পোস্টে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—এই মূলনীতিও খোদাই করে সংযোজন করা হয়েছে।
রাষ্ট্রের আইনসভায় কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি স্থাপন এবং আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের মূলনীতি সংযোজনকে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার একটি দৃশ্যমান প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। পবিত্র কালেমা তাইয়্যেবা মুসলিমদের ঈমানের মৌলিক বিশ্বাসের প্রতীক; রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এর সৌন্দর্যমণ্ডিত ক্যালিগ্রাফি স্থাপনের মাধ্যমে মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও ইসলামী মূল্যবোধের একটি তাৎপর্যপূর্ণ বার্তা দৃশ্যমান হয়েছে।