পাহাড় থেকে সমতল সর্বত্র গাউসিয়া কমিটির মানবিক ছোঁয়া: বন্যাকবলিত এলাকায় ব্যাপক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম

‘দুর্যোগে সবার আগে, মানবতার সেবায় সর্বত্র’—এই প্রতিজ্ঞাকে ধারণ করে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্দি ও পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে আনজুমান-ই রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’। গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক সাধক হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা.)-এর নির্দেশিত মানবসেবার আদর্শকে সমুন্নত রেখে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা কমিটির হাজারো স্বেচ্ছাসেবক দিন-রাত বৃষ্টিতে ভিজে দুর্গম পাহাড় থেকে শুরু করে সমতলের প্রত্যন্ত বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায়
ভয়াবহ বন্যায় প্লাবিত দক্ষিণ চট্টগ্রামের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রায় তিন হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী প্রস্তুত করা হয়েছে। অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই আমানত প্রকৃত প্রয়োজনমন্দ মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২য় ধাপে বান্দরবান ও চট্টগ্রামের বাঁশখালীর দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সংগঠনের কেন্দ্রীয় মানবিক টিম। এর পাশাপাশি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা এবং বান্দরবানের বালাঘাটার মতো দূরবর্তী ও দুর্গম পাহাড়ি অঞ্চলেও গাউসিয়া কমিটির ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে পৌঁছে গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের হাতে ত্রাণ সহায়তা তুলে দিচ্ছেন গাউছিয়া কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। (ছবি: সংগৃহীত)

 

বাঁশখালীর পাশে পটিয়ার দক্ষিণ ছনহরা শাখা
মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলার দক্ষিণ ছনহরা ওয়ার্ড শাখা। গত শনিবার (১২ জুলাই) সংগঠনটির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল মিনি ট্রাকভর্তি বিস্কুট, চানাচুর, মুড়ি, ডেটল সাবান, শলাই, মোমবাতি, ঔষধ ও ফিটকিরিসহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনো খাবার ও জরুরি সামগ্রী নিয়ে বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। উল্লেখ্য, দক্ষিণ ছনহরা এলাকাটি নিজেও বন্যায় প্লাবিত হওয়া সত্ত্বেও, বাঁশখালীর ক্ষয়ক্ষতির মাত্রা তীব্র হওয়ায় নিজেদের কষ্টের কথা ভুলে সেখানকার দুর্গতদের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিয়েছেন ছনহরা শাখার কর্মীরা, যার জন্য তারা সারারাত জেগে ত্রাণসামগ্রী প্যাকেজিংয়ের কাজ করেছিলেন।

প্রবল বৃষ্টিতে গাড়িতে করে ত্রাণ নিয়ে যাচ্ছেন গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা। (ছবি: সংগৃহীত)

 

নোয়াখালী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ওয়ার্ড শাখার সম্মিলিত উদ্যোগ
বাঁশখালীর মানুষের দুর্ভোগ লাঘবে দূর-দূরান্ত থেকেও গাউসিয়া কমিটির বিভিন্ন শাখা এগিয়ে আসছে। নোয়াখালীর গাউসিয়া কমিটি বাংলাদেশ কানকিরহাট শাখা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার মানবিক টিম ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে বন্যাকবলিত বাঁশখালীর কাথরিয়াবাসীর পাশে হাজির হয়েছে। এছাড়া গাউসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং ওয়ার্ড মানবিক টিম সর্বস্তরের মানুষের দেওয়া আমানত ও ভালোবাসার উপহার নিয়ে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন গাউছিয়া কমিটি কুমিল্লার মানবিক শাখার নেতৃবৃন্দ। (ছবি: সংগৃহীত)

এদিকে লতিফপুর ৪২ নং ওয়ার্ডের পক্ষ হতে সাধারণ সম্পাদক জনাব মোঃ জসিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হোসেন বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় পরিষদের ত্রাণ তহবিলে সন্তোষজনক অর্থ সহায়তা সমর্পণ করা হয়েছে।

 

কোমর সমান পানিতে উদ্ধার তৎপরতা ও কাপ্তাইয়ে সচেতনতামূলক মাইকিং
ত্রাণ বিতরণের পাশাপাশি উদ্ধারকাজেও ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করছেন গাউসিয়ানরা। চট্টগ্রামের শিকলবাহা এলাকায় তীব্র জলাবদ্ধতায় কোমর সমান পানি মাড়িয়ে বয়স্ক মহিলাদের নৌকা পারাপার ও সংকট মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ১৮-২০ ঘণ্টা টানা বৃষ্টিতে ভিজে নিজেদের খাবার ভুলে মানুষের পেছনে ছুটে চলা এই তরুণদের মানবিকতা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

দুর্গম এলাকায় নৌকায় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা। (ছবি: সংগৃহীত)

সমতলের বন্যা সামলানোর পাশাপাশি গত ৮ জুলাই ২০২৬ তারিখে পার্বত্য রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক শাখা। কাপ্তাইয়ের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আপদকালীন সময়ে মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করতে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেন এই মানবিক স্বেচ্ছাসেবকরা।

সরকারি মহলে ভূয়সী প্রশংসা
দুর্যোগকালীন সময়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের এমন অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত মানবিক তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে প্রশাসন। আর্তমানবতার সেবায় অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশকে আনুষ্ঠানিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম-৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী।

দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশবাসীকে গাউসিয়া কমিটির এই বিশ্বস্ত তহবিলে অর্থ ও ত্রাণ সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট আয়োজকেরা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত