“ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ,
আজ আল্লার নামে জান্ কোরবানে ঈদের পূত বোধন।”
— কাজী নজরুল ইসলাম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ‘দ্য সুফি টাইমস’-এর সকল সম্মানিত সংবাদকর্মী, পাঠক, লেখক এবং শুভানুধ্যায়ীর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মোবারকবাদ— ঈদ মোবারক!
সুফি দর্শনের মূল শিক্ষাই হলো ত্যাগ, পরমত সহিষ্ণুতা এবং নিঃশর্ত আত্মসমর্পণ। কোরবানি কেবল পশুর গলায় ছুরি চালানোর কোনো বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়; বরং তা হলো নিজের ভেতরের হীনতা, দীনতা, পশুত্ব, অহংকার, লোভ, ভীরুতা এবং জড়তাকে বিসর্জন দিয়ে আল্লাহ তায়ালার নৈকট্য ও আত্মশুদ্ধি অর্জনের আধ্যাত্মিক মাধ্যম।
ঈদের এই বরকতময় মুহূর্তে আমাদের একান্ত চাওয়া—পবিত্র মিনার ময়দানে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই মহান ত্যাগের চেতনা আমাদের প্রত্যেকের অন্তরে জাগ্রত হোক। ত্যাগের এই আনন্দ ছড়িয়ে পড়ুক পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্রে। মানবিকতার সুধা ছড়িয়ে পড়ুক অবহেলিত-সুবিধাবঞ্চিত মানুষের মাঝে। বিশ্বজুড়ে আধিপত্যবাদ ও অশান্তির অবসান ঘটে প্রতিষ্ঠিত হোক মানবিক সাম্য, সুফি সংস্কৃতির উদারতা ও দীর্ঘমেয়াদী শান্তি।
ফিলিস্তিন, ইন্ডিয়া, রাখাইনসহ বিশ্বের যত জায়গায় যত মজলুম জনতা আধিপত্যবাদের করাল গ্রাসে ঈদের আনন্দ থেকে বঞ্চিত, প্রত্যেকেই জুলুম ও আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে ঈদের মতো জীবনযাপন করার সুযোগ পাক, এই দোয়া করি।
ঈদের মতোই নিত্যদিন আমাদের জীবনে বিরাজ করুক নিষ্কলুষ, পরমতসহিষ্ণু ও উৎসবমুখর আবহ।
ঈদ মোবারক!