পটুয়াখালীর কলাপাড়ায় হযরত শফিউদ্দিন বিশ্বাস শাহ’র ৪৭তম ওরস মাহফিল অনুষ্ঠিত

 

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন নিশানবাড়িয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফে রাহনুমায়ে শরীয়ত ও তরীকত হযরত শফিউদ্দিন বিশ্বাস শাহ (রহ.)-এর ৪৭তম পবিত্র বার্ষিক ওরস শরীফ মহাসমারোহে সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৩ মে) বাদ আসর শুরু হয়ে গত বৃহস্পতিবার (১৪ মে) বাদ জোহর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক মিলনমেলার সমাপ্তি ঘটে। হযরত শাহসুফি সৈয়দ আমজাদ আলী নুরুল হুদা (রহ.)-এর অন্যতম এই খলিফার ওরস শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ধর্মপ্রাণ ভক্ত ও মুরিদান সমবেত হন।

উক্ত ওরস শরীফে মেহমানে-ই-আ‘লা হিসেবে তাশরীফ আনেন চট্টগ্রামের জাহাঁগীরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, সূফীয়ে বা’সাফা হযরত শাহ্সূফি সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী শাহ্ সাহেব কেবলা (মাদ্দা জিল্লুহুল আলী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার শরীফের বড় সাহেবজাদা শাহজাদা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আহসান আলী (মাঃ জিঃ আঃ) এবং শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আলী ইয়াসিন (মাঃ জিঃ আঃ)। ওরসের বিভিন্ন অধিবেশনে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ শরীয়ত ও তরীকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন এবং আধ্যাত্মিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ওরস শরীফের শেষ দিনে হযরত কেবলার ইমামতিতে পবিত্র জোহরের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে তিনি উপস্থিত বিশাল ভক্তকুলের উদ্দেশ্যে এক হৃদয়স্পর্শী নসীহত পেশ করেন। এরপর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদী কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত সুফি অনুরাগী ও ভক্তদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে দুই দিনের এই আধ্যাত্মিক আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত