নিউইয়র্কে ইসলামিক কনভেনশন ও মাওলিদ সেলিব্রেশনে মুসলিম কমিউনিটিতে আনন্দ-উচ্ছ্বাস

পরনে ইসলামী ঐতিহ্যবাহী পোশাক, মুখে আনন্দের দীপ্তি—কেউবা গুনগুন করে গাইছেন নাতে মুস্তফা। এমনই এক সুন্দর ও মোহনীয় আবহ তৈরি হয়েছিল নিউইয়র্কের আলবানির এম্পায়ার স্টেট প্লাজা সেন্টারে। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স (NAMA)-এর দ্বিতীয় ইসলামিক কনভেনশন ও মাওলিদ সেলিব্রেশনকে ঘিরে সেখানে বসেছিল আমেরিকার মুসলিম কমিউনিটির এক প্রাণবন্ত মিলনমেলা।

শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত পরিবেশন এবং ইসলামী আলোচনা। বিশেষ করে মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ ও কর্ম বর্তমান তরুণ প্রজন্মের মানস গঠন, সামাজিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় কতটা প্রাসঙ্গিক ও অনুসরণীয়—সে বিষয়ে আমন্ত্রিত ইসলামিক স্কলাররা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

NAMA-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইসলামিক স্কলার শাইখ সাইফুল আজম আজহারীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন শাইখ ইয়াসির ফাহমি, ইয়াহিয়া আল নিনোউই, আন্তর্জাতিক ক্বারি ইউসুফ আজহারী এবং সৈয়দ সারওয়ার চিশতি।

মূল আলোচনা পর্বের পাশাপাশি নারী ও শিশুদের জন্যও ছিল বিশেষ সেশন। এসব সেশনে নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষ্যণীয়।

প্রচলিত দিনব্যাপী আলোচনা-কেন্দ্রিক আয়োজনের বাইরে গিয়ে এবারের কনভেনশনে ছিল নানা ইভেন্ট ও বিশেষ সেশন। পাশাপাশি কনভেনশন সেন্টারে রাখা হয়েছিল ‘সেলস অ্যান্ড পারচেজ জোন’। বই, গহনা, পোশাক, পিঠাপুলি ও নানা আকর্ষণীয় সামগ্রীর স্টলগুলোতে সেশন বিরতিতে ছিল উপচে পড়া ভিড়। কেউ দেখছিলেন, কেউবা পছন্দের সামগ্রী কিনছিলেন। ক্রেতা-বিক্রেতার আন্তরিক কথোপকথনে পুরো প্রাঙ্গণে তৈরি হয়েছিল এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা মুসলিম কমিউনিটির সদস্যরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, নতুন প্রজন্মের সঙ্গে ইসলামী রীতি-নীতি, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতে NAMA-এর ইসলামিক কনভেনশন অনন্য ভূমিকা পালন করবে। অনেকেই এ আয়োজনকে নিজেদের শিকড় ও সাংস্কৃতিক-আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট ও জ্ঞানসমৃদ্ধ সেশন শেষে মিলাদ-কিয়াম ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কনভেনশনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ইসলামিক স্কলার শাইখ সাইফুল আজম আজহারীর নেতৃত্বে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স (NAMA) ২০২৫ সালে কোরআন, সুন্নাহ ও তাসাউফের আলোকে ইসলামী জ্ঞান ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার প্রথম বছরেই NAMA দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশনের আয়োজন করে। ওই আয়োজনে পরিবার-পরিজনসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। পাশাপাশি আমেরিকান মুসলিম কমিউনিটির আত্মিক ও আধ্যাত্মিক উন্নয়নে NAMA ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় কর্মসূচি পরিচালনা করে আসছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত