নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন, শহীদ ফারুকী স্মৃতি সংসদের কাউন্সিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন, দ্বি-বার্ষিক কাউন্সিল, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার স্থানীয় প্রশিকা মানবিক কেন্দ্রের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-ক্বাদেরী। প্রধান বক্তা ছিলেন জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ আল-ক্বাদেরী। উদ্বোধন করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহসভাপতি পীরজাদা মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা আশরাফুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, দাঁতমণ্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মুফতি সৈয়দ আবু বক্কর সিদ্দিক আল-হোসাইনী, শ্রীঘর দরবার শরীফের পীরজাদা মুফতি খন্দকার নজরুল ইসলাম, নাছিরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আলী আজম নৌশাদ ও ইউপি সদস্য মোহাম্মদ আজদু মিয়া।

স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মাজহারুল হক পাঠান রাব্বি ও মিলাদ উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা আবদুল হাকিমের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ক্বারি রুহুল আমিন রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন স্মৃতি সংসদের সভাপতি হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার, ঈদসামগ্রী বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইনকে সভাপতি, মাওলানা আবদুল হাকিমকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ রাকিব উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে স্মৃতি সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জুবায়ের আহমেদ।

পরে মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-ক্বাদেরী।

অনুষ্ঠানে শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.) স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, পীর-মাশায়েখ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত