ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পঞ্চমবারের মতো নূরে মুজাসসাম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাদে আসর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবন, আদর্শ ও কর্ম শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার পাশাপাশি নবীপ্রেম, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
কনফারেন্সে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদ্বেরী। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক তরুণ ইসলামিক স্কলার শাইখ মোহাম্মদ জয়নুল আবেদিন চৌধুরী।

প্রধান আলোচকের বক্তব্যে তিনি রাসুলুল্লাহ (দ.) এর জীবনাদর্শ অনুসরণ, তাঁর প্রতি ভালোবাসা এবং তাঁর সুন্নাহ ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন । তিনি বলেন, নবীপ্রেম শুধু আবেগের বিষয় নয়; বরং রাসুলের আদর্শ ও সুন্নাহকে জীবনে ধারণ ও বাস্তবায়নের মধ্য দিয়েই এর প্রকাশ ঘটে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক আবরার আহমেদ আশরাফির সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম এবং সহকারী প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, শাইখ হামেদ আল আজহারী,সমাজসেবক আবু ইউসুফ জুয়েল।
গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম দ্য সুফি টাইমসকে জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (দ.) এর জীবন, আদর্শ ও কর্ম তুলে ধরতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এর অংশ হিসেবে এবারের আয়োজনে সীরাত অলিম্পিয়াড, নবীন বরণ, নূরে মুজাসসাম কনফারেন্স ও নাতে রাসুল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।