দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেবের সঙ্গে মিলাদ অলিম্পিয়াড আয়োজক কমিটির সৌজন্য সাক্ষাৎ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত মিলাদ অলিম্পিয়াড সিজন-০২-এর প্রচারণার অংশ হিসেবে দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তালেব-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিলাদ অলিম্পিয়াড আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে আয়োজক কমিটির পক্ষ থেকে মিলাদ অলিম্পিয়াডের উদ্দেশ্য, কার্যক্রম, প্রতিযোগিতার কাঠামো এবং শিক্ষার্থীদের মাঝে হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ ও সিরাতচর্চা বিস্তারে এ আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অলিম্পিয়াডের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় অধ্যক্ষ আবু তালেব বলেন, “মিলাদ অলিম্পিয়াড একটি যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বর্তমান প্রজন্ম, বিশেষ করে কিশোর-তরুণদের কাছে হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানভিত্তিক এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যেমন সিরাতচর্চার আগ্রহ সৃষ্টি করবে, তেমনি নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর সার্বিক সফলতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাতে মিলাদ অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক আবু বারাকাত মোহাম্মদ রেযা এবং সদস্য সচিব মোহাম্মদ সাঈদুর রহমান-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আবসার, গাজী মোহাম্মদ হামিদ হাসান, মোহাম্মদ আব্দুর রহমান, ইত্তেহাদ নুর ও মাশরুক। এ সময় তাঁরা অধ্যক্ষ আবু তালেবের হাতে মিলাদ অলিম্পিয়াডের বিভিন্ন প্রকাশনা ও তথ্যসম্বলিত প্রচারসামগ্রী তুলে দেন এবং প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শাখার উদ্যোগে আয়োজিত মিলাদ অলিম্পিয়াড সিজন-০২-এ নিবন্ধন ১২ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এ সিরাতভিত্তিক জাতীয় জ্ঞান প্রতিযোগিতায় এবার মোট ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র হারামাইন শরীফাইনের জিয়ারতের সুযোগ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত