ডিসেম্বরে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৮ম আন্তর্জাতিক সুফি সম্মেলন

চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফের হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের (এসজেডএইচএমটি) উদ্যোগে এ-বছর ডিসেম্বরের ৯ থেকে ১১ তারিখ চট্টগ্রামে “এসজেডএইচএমটি ৮ম আন্তর্জাতিক সুফি সম্মেলন ২০২৬” আয়োজন হতে যাচ্ছে।

এসজেডএইচএমটি আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “তাসাউফ, সামাজিক সম্প্রীতি ও বিশ্বশান্তি”।
৮ম আন্তর্জাতিক এই সম্মেলনের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, সুফি চর্চাকারী, বুদ্ধিজীবী ও চিন্তাবিদদের একত্রিত করে আধুনিক বিশ্বের সংঘাত, বৈষম্য, উগ্রবাদ ও সামাজিক বিভাজনের মতো সমসাময়িক বৈশ্বিক সমস্যার সমাধানে তাসাউফ বা সুফিবাদের ভূমিকা নিয়ে আলোচনা করা।

৮ম বারের মত অনুষ্ঠিতব্য উক্ত সম্মেলনটি দরবারে মাইজভাণ্ডারের প্রতিষ্ঠাতা গাউসুল আযম শাহ সুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে। তাঁর আধ্যাত্মিক ঐতিহ্য ও দক্ষিণ এশিয়ায় সুফিবাদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানও এ সম্মেলনে বিশেষভাবে তুলে ধরা হবে বলে জানা যায়।
উক্ত সুফি সম্মেলন উপলক্ষ্যে আগ্রহী গবেষক ও স্কলারদের নিকট হতে প্রবন্ধের সারসংক্ষেপ আহ্বান করা হয়েছে।

এই সম্মেলনের মাধ্যমে তাসাওউফের চিরন্তন শিক্ষা মানবসমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা।
উক্ত সুফি সম্মেলনটি ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভেন্যু এখনো নির্ধারিত হয়নি বলে জানা যায়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত