চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পরম ভক্তি, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।
চাকসু কার্যালয় প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি শুরু হয়ে শহীদ মিনার ও কাঁটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় ‘নারায়ে তাকবির, নারায়ে রিসালাত’ ধ্বনির পাশাপাশি নাতে রাসুল ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শানে রচিত মনকাবাত পরিবেশিত হয়। এতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
জিরো পয়েন্টে জুলুস শেষে মিলাদ-কিয়াম, আখেরি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চবি শাখার সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দিন, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তারেক, সাবেক সহসভাপতি আহমেদ শাহ আদিলসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এবং অহিংস শিক্ষার্থী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ ফরহাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গাউসিয়া কমিটি চবি শাখার সভাপতি মুহাম্মদ ইরফান উদ্দিন ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক তাঁর বক্তব্যে গাউসিয়া কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানান। তিনি নবীনবরণ, নাত জলসাসহ গাউসিয়া কমিটির বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি দেশের বিভিন্ন স্থানে পবিত্র মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পালনে বাধা দান এবং ভিন্ন ধর্মীয় মতাদর্শের মানুষের ওপর হামলা ও বিদ্বেষমূলক আচরণের তীব্র নিন্দা জানান।
অহিংস শিক্ষার্থী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ ফরহাদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। আমরা সেই রহমত প্রাপ্ত হয়ে মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হিসেবেই পবিত্র মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) উদযাপন করি।’
তিনি সারাদেশে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) উপলক্ষে আয়োজিত বিভিন্ন র্যালি ও মাহফিলে বাধা প্রদান এবং হিংসাত্মক আক্রমণের তীব্র প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।