চন্দনাইশে রহমাতুল্লিল আলামীন কনফারেন্সের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উপস্থিত থাকবেন পীরে বাঙ্গাল সৈয়্যদ সাবির শাহ

 

চট্টগ্রামের চন্দনাইশে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স-২৬’। গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ ব্যবস্থাপনায় গাছবাড়ীয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনফারেন্সে ২৫ থেকে ৩০ হাজার মুসল্লির সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। একইদিন দক্ষিণ হাশিমপুর কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে নারীদের জন্য পৃথক তালিমি জলসার আয়োজন করা হয়েছে। সেখানে ১০ থেকে ১৫ হাজার নারীর উপস্থিতির প্রত্যাশা করছেন আয়োজকরা।

সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম।

থাকবেন পীরে বাঙ্গাল

সংবাদ সম্মেলনে জানানো হয়, কনফারেন্সে প্রধান ধর্মীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দরবারে ছিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন, আওলাদে রাসুল ও পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাঃজিঃআঃ)।

আয়োজকদের তথ্য অনুযায়ী, তিনি বাদে আসর দক্ষিণ হাশিমপুর কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে নারীদের জন্য আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। পরে গাছবাড়ীয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাগরিব ও এশার নামাজে ইমামতি এবং নূরানী তাকরীরসহ বায়াতের কার্যক্রম পরিচালনা করবেন।

কনফারেন্সে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত থাকবেন দরবারে ছিরিকোটের ছাহেবজাদা ও আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ (মাঃজিঃআঃ)। মেহমানে খুসুসি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ছাহেবজাদা আল্লামা সৈয়দ আকিব আহমদ শাহ (মা:জি:আ)-এর।

জোহরের পর শুরু হবে কার্যক্রম

আয়োজকরা জানান, জোহরের নামাজের পর কনফারেন্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। খতমে কোরআন ও খতমে গাউসিয়া শরীফের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর হামদ, নাতে রাসুল (দরূদ), গাউসে পাক, মানকাবাত, মিলাদুন্নবী বিষয়ক আলোচনা এবং ওলামায়ে কেরামের বক্তব্য অনুষ্ঠিত হবে।

পরে মিলাদ-কিয়াম এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

কনফারেন্সে বক্তব্য রাখবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্র্যান্ড মুফতি আল্লামা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, শায়খ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী ও মাওলানা বদিউল আলম রিজভি।

২১ উপ-কমিটিতে প্রস্তুতি

কনফারেন্সের ব্যবস্থাপনায় ৩১ সদস্যের প্রস্তুতি কমিটি এবং ২১টি উপ-কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রশাসন, প্রচার-প্রকাশনা ও মিডিয়া, দাওয়াত, প্যান্ডেল, পুরুষ ও নারী শৃঙ্খলা, অর্থ, অভ্যর্থনা, মঞ্চ ও সাজসজ্জা, মাঠ সংস্কার, নাত-কেরাত-আজান, ওজুখানা-ওয়াশরুম এবং মেডিকেলসহ বিভিন্ন উপ-কমিটি দায়িত্ব পালন করবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মহিলা প্যান্ডেলে ১৫০ জন নারী স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পুরুষ ও নারী মিলিয়ে মোট ৩০০ জন স্বেচ্ছাসেবক কনফারেন্সের ব্যবস্থাপনায় থাকবে। এছাড়া পীরে বাঙ্গালের বিশেষ নিরাপত্তায় ৫০ জন ‘আনজুমান ফোর্স’ এবং ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

মুসল্লিদের জন্য ওয়াশরুম ও ওজুখানার ব্যবস্থা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতির কথা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনফারেন্সে চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমদ, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও পেশাজীবীরা উপস্থিত থাকবেন।

এছাড়া আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট ও সদস্য এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে যারা ছিলেন

সংবাদ সম্মেলনে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ আবুল মনসুর, সাধারণ সম্পাদক এম. মাহাবুবুল আলম এম.কম, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম-আহ্বায়ক মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ সমরকন্দী, দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোরশেদুল আলম, সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, চন্দনাইশ পৌরসভা সভাপতি মুহাম্মদ মেজবাহ উদ্দীন, প্রচার-প্রকাশনা ও মিডিয়া উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, সচিব মুহাম্মদ শাহ নেওয়াজ শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা কনফারেন্সের সংবাদ প্রচারে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত