চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী ওষখাইন আলী নগর দরবার শরীফে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রখ্যাত সুফি সাধক ও বুজুর্গ হযরত খাজা শেখ সাচী মুহাম্মদ নকশবন্দী (রহ.)-এর পবিত্র চন্দ্রবার্ষিক ফাতেহা শরীফ। আজ ৩০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, ১৪ই মহররম ১৪৪৮ হিজরী (মঙ্গলবার) দিবাগত রাতে দরবার শরীফের গাউছিয়া রহমানিয়া মাওলা মঞ্জিলে এই ওরস অনুষ্ঠিত হবে।
পবিত্র ফাতেহা শরীফের কেন্দ্রীয় মাহফিলে আরজগুজার ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে ছিদ্দীকে আকবর (রা.), হযরত শাহ্সূফী আলী রজা কানু শাহ্ (র.)-এর ৫ম পুরুষ খাজা দরবেশ মাওলা (র.)-এর জ্যেষ্ঠ পুত্র, গোলামে আহলে বাইতে রাসূল (দ.) মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী (দা.বা.আ.)।
উক্ত চন্দ্রবার্ষিক ফাতেহা শরীফটি ‘আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্ট’-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ‘মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ’-এর প্রচারণায় সুশৃঙ্খলভাবে আয়োজিত হচ্ছে।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, আজ বাদ আসর থেকেই মাওলা মঞ্জিল প্রাঙ্গণে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, মিলাদ-কিয়াম এবং সুফি ঘরানার ঐতিহ্যবাহী জিকির-আজকারের মাধ্যমে ফাতেহা শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দেশবরেণ্য উলামায়ে কেরাম ও সুফি গবেষকগণ মাহফিলে ইসলামের মূল চেতনা, আহলে বায়েতের মহব্বত এবং সিলসিলার প্রাতঃস্মরণীয় বুজুর্গ খাজা শেখ সাচী মুহাম্মদ নকশবন্দী (রহ.)-এর আধ্যাত্মিক জীবন ও দর্শনের ওপর বিশেষ আলোচনা পেশ করবেন।
রাতে ফাতেহা শরীফের সমাপনীতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও দরবারের সকল ভক্ত-আশেকানদের কল্যাণ কামনা করে বিশেষ আখেরি মুনাজাত ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।