চট্টগ্রামে আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষাদর্শনের প্রসার এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরে এক দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে গতকাল ২০ জুন (শনিবার) এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১০টি মাদ্রাসার প্রায় ১৮০ জন শিক্ষক অংশ নেন। দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে মাদ্রাসা শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল, আউটকাম বেইজড লার্নিং (OBL), শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ব্যবহার, শ্রেণিকক্ষ ও সময় ব্যবস্থাপনা, ইতিবাচক শৃঙ্খলা চর্চা, শারীরিক শাস্তি রহিতকরণ নীতিমালা-২০১১, বুলিং ও সাইবার নিরাপত্তা, আধুনিক প্রশ্নপত্র প্রণয়ন, নির্ভরযোগ্য উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতকরণ, চাকরি ও ছুটি বিধিমালা, আর্থিক শৃঙ্খলা এবং কার্যকর পাঠ পরিকল্পনা প্রণয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত ও তাত্ত্বিক আলোচনা করা হয়।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান এম. এ. হামিদ, এফসিএমএ। তিনি বলেন, আঞ্জুমানভুক্ত মাদ্রাসাগুলোতে গুণগত, আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে বোর্ড ধারাবাহিকভাবে শিক্ষক প্রশিক্ষণ, একাডেমিক তদারকি এবং আধুনিক মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে মূল রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ লেকচার প্রদান করেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম. আকবর হোসেন, প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দিন, প্রফেসর মুহাম্মদ গোফরান এবং অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন। তাঁরা ফলাফলভিত্তিক শিক্ষা, শিক্ষকের পেশাগত উৎকর্ষতা এবং প্রযুক্তির সঠিক প্রয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পুরো কর্মশালার সমন্বয় ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন বোর্ডের যুগ্ম সচিব প্রফেসর মুহাম্মদ গোফরান।

প্রশিক্ষণে উপস্থিত অংশগ্রহণকারীদের একাংশ। (ছবি: সংগৃহীত)

বিকালে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম. আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর এবং বোর্ডের ভাইস চেয়ারম্যান এম. এ. হামিদ, এফসিএমএ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী, আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে হলে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।”

গেস্ট অব অনার প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি, নতুন নতুন উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও কল্যাণমুখী প্রয়োগের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধির আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. নূ ক ম. আকবর হোসেন বলেন, “আদর্শ শিক্ষক, মানসম্মত পাঠদান এবং নির্ভরযোগ্য মূল্যায়ন ব্যবস্থা ছাড়া গুণগত শিক্ষা অর্জন অসম্ভব। তাই শিক্ষক প্রশিক্ষণকে একটি সাময়িক বিষয় না ভেবে ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে সফলভাবে কোর্স সম্পন্নকরণের সনদপত্র বিতরণ করা হয়। পরিশেষে চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান নিজামীর পরিচালনায় দেশ, জাতি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং সমগ্র মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত