চট্টগ্রামের রাউজানে হযরত শাহ সুফি মাওলানা ফজলুর রহমানের ১১০তম বার্ষিক ওরস শরীফ সম্পন্ন

 

চট্টগ্রামের রাউজান উপজেলার মরিয়মনগরস্থ ফরাশপাড়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে মহান সাধক হযরত শাহ সুফি মাওলানা ফজলুর রহমান শাহ (রহ.)-এর ১১০তম বার্ষিক ওরস শরীফ উদযাপিত হয়েছে। গত বুধবার (১৩ মে) দিনব্যাপী নানা আধ্যাত্মিক কর্মসূচির মধ্য দিয়ে এই ওরস শরীফ সম্পন্ন হয়।

ওরস শরীফ উপলক্ষে দরবার প্রাঙ্গণে দিনভর পবিত্র কুরআন খতম, খতমে গাউসিয়া, মিলাদ শরীফ এবং বিশেষ জিকিরের আয়োজন করা হয়। ভক্ত ও আশেকানদের ঢলে পুরো এলাকা আধ্যাত্মিক আমেজে পরিপূর্ণ হয়ে ওঠে। ওরশ পরিচালনা কমিটি, স্থানীয় ফরাশপাড়া এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় বক্তারা মরহুম শাহসূফি মাওলানা ফজলুর রহমান শাহ (রহ.)-এর জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোকপাত করেন।

বক্তারা বলেন, “আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ এবং ইসলামের সঠিক পথে জীবন পরিচালনা করাই আমাদের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। মহান এই সাধকের আধ্যাত্মিক দর্শন আমাদের আত্মার পরিশুদ্ধিতে দিকনির্দেশনা দেয়।”

মাদ্রাসা-এ তৈয়্যবিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রীর আরবি প্রভাষক ও গাউসিয়া কমিটি বাংলাদেশ মরিয়ম নগর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আহমদ নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের উত্তর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদরী। ওরস শরীফের উদ্বোধন করেন ফরাশপাড়া নতুন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জানে আলম আশরাফী। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন কাওয়াস পাড়া পুরাতন শাহী জামে মসজিদের খতিব ও কাজী হালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার সহ-সুপার মুহাম্মদ কাজী রাহাতুল মোস্তফা আলকাদরী।

এশা বাদ আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত ভক্তদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে ওরস শরীফের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ওরস পরিচালনা কমিটির আন্তরিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে সকল কার্যক্রম সম্পন্ন হওয়ায় আগত ভক্তবৃন্দ ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত