চট্টগ্রামের দরবার-এ বেতাগী আস্তানা শরীফে ১৮তম ওরশ শরীফ সম্পন্ন

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ ঐতিহ্যবাহী দরবার-এ বেতাগী আস্তানা শরীফের প্রাণপুরুষ, উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহ.)-এর উত্তরসূরি ও সাহেবজাদা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহ.)-এর ১৮তম পবিত্র ওরশ শরীফ গত ৬ জুলাই ২০২৬ (সোমবার) মহাসমারোহে সম্পন্ন হয়েছে। আস্তানা প্রাঙ্গণে আয়োজিত এই পুণ্যময় অনুষ্ঠানে প্রিয় মুর্শিদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো আশেকান, ভক্ত ও মুরিদান সমবেত হন।

ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—পবিত্র খতমে কুরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুস, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ এবং খতমে গাউছিয়া শরীফ। পরবর্তীতে বেলা ৩টা থেকে তাঁর জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা, প্রখ্যাত ওলামায়ে কেরামগণের ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়।

ওরশ শরীফে উলামায়ে কেরাম ও সাজ্জাদাগণের এক বিশাল সমাগম ঘটে। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী, হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা আমিনুল হক আল কাদেরী,
লোহাগাড়া দরবার-এর সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, এডভোকেট এ.এফ. মঈনুদ্দিন আহমদ ও মাওলানা ফেরদৌস আলম আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মারেফাতুন নুর, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ মাওলানা মুফতী আলী আকবর, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলানা জাফর আহমদ মানিকীসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও দরবার-এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবু শাহ, শাহজাদা শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান (পেঠান শাহ), শাহজাদা বদরুদ্দিন মোহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি এবং শাহজাদা এ বিএম সিদ্দিকুর রহমান সাকলাইন উপস্থিত ছিলেন।

মাহফিলে ভাবগম্ভীর পরিবেশে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন শাহজাদা কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান। এরপর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি এবং দরবারের ভক্ত-মুরিদানসহ সর্বস্তরের জনতা ও দেশবাসীর উত্তরোত্তর উন্নয়ন কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত