চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগরে অবস্থিত ঐতিহ্যবাহী জেহাদীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সুফি সাধক হযরত মৌলানা শাহ আবু মুহাম্মদ জোহাদুর রহিম রহ. এর ৪৭তম পবিত্র বার্ষিক ওরস শরীফ মহাসমারোহে সম্পন্ন হয়েছে।
আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত শাহ জোহাদুর রহিম রহ. ছিলেন নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া তরীকার একজন মহান শায়েখ। তাঁর পিতা কাদেরীয়া তরীকার বিশিষ্ট শায়েখ হযরত শাহ হাবীবুর রহমান র. এর পথ অনুসরণ করে তিনিও চট্টগ্রামের ঐতিহাসিক হযরত শাহ সুফি আমানত শাহ’র দরবার শরীফ জামে মসজিদে দীর্ঘদিন ইমামতির দায়িত্ব পালন করেন এবং দরবার শরীফের বহুমুখী খেদমত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আনজাম দিয়েছেন।
হযরত শাহ সুফি আমানত খান’র আওলাদ ও তৎকালীন খানকাহ আমানতীয়ার সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ ফৌজুল আজিম খান নকশবন্দী মোজাদ্দেদীর সঙ্গে তাঁর গভীর আধ্যাত্মিক সম্পর্ক ছিল। সমসাময়িক কালের এই দুই মহান পীর ভাই প্রতিদিন মাগরিবের নামাজের পর খতম শরীফ শেষ করে এশার আজান পর্যন্ত গভীর আধ্যাত্মিক সাধনা ও তরীকার গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতেন।
উল্লেখ্য, তাসাউফ জগতের অনন্য ব্যক্তিত্ব হযরত শাহ মৌলানা জোহাদুর রহিম র. ছিলেন ফৌজদারহাট দরবার শরীফের প্রতিষ্ঠাতা, মুহাদ্দিসে আজম হযরত শাহ মৌলানা সফিরুর রহমান হাশেমী নকশবন্দী মোজাদ্দেদীর অন্যতম প্রধান খলিফা। ঐতিহাসিক এই ওরস শরীফ উপলক্ষে দরবার প্রাঙ্গণে দিনব্যাপী কুরআনখানি, মিলাদ মাহফিল, বিশেষ জিকির-আজকার এবং আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়।