চট্টগ্রামের ঐতিহ্যবাহী ১০ দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল শুরু হয়েছে আজ

 

আহলে বায়তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ কমপ্লেক্সে আজ থেকে শুরু হয়েছে ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। আজ ১৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ (১ মুহাররাম ১৪৪৮ হিজরি), বুধবার বাদ মাগরিব থেকে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এই ঐতিহ্যবাহী মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

এই ঐতিহ্যবাহী মাহফিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আল-কাদেরী (রাহ.)-এর স্মৃতিধন্য এই আয়োজনে সভাপতিত্ব ও প্রধান পৃষ্ঠপোষকতা করছেন শাহাদাত-এ কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজকের উদ্বোধনী অধিবেশনে পবিত্র কুরআন তিলাওয়াত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়খুল কুররা কারি আহমদ বিন ইউসুফ আজহারী। মাহফিলে স্বাগত বক্তব্য রাখবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরুত আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলা উদ্দিন এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফি।

উদ্বোধনী দিবসের প্রধান আকর্ষণ হিসেবে বিদেশি আলোচক হিসেবে উপস্থিত থাকছেন ভারতের কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা সাখাওয়াত হোসাইন বারকাতি। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মহসিন চৌধুরী, জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সের পরিচালক জনাব মোস্তফা মনসুর আলম খান, আনজুমান এডুকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ এফসিএ, বিশিষ্ট সমাজসেবক জনাব ইয়াসিন চৌধুরী লিটন, খ্যাতিমান বক্তা মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান আবেদী আল কাদেরী, হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আমিনুল হক আল-কাদেরী এবং ফরহাদাবাদ দরবার শরীফের সৈয়দ মুজ্জাম্মেল হক ফরহাদাবাদী।

পবিত্র মাহফিলের সার্বিক প্রস্তুতি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। যারা সশরীরে উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য ফেসবুক (www.facebook.com/internationalshahadatekarbalamahfil) এবং সুফি টিভি (Sufitv.com) ও মাহফিল কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট (www.shahadat-e-karbala.com)-এর মাধ্যমে মাহফিলটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। কারবালার ঐতিহাসিক ও আধ্যাত্মিক শিক্ষাকে মানবতা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে এই ঐতিহ্যবাহী মাহফিলে সর্বস্তরের আশেকানে রাসুল ও ধর্মপ্রাণ মুসলমানদের যোগদানের জন্য পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত