চট্টগ্রামের বাঁশখালীর প্রাণপুরুষ, জগৎবিখ্যাত সুফি দার্শনিক, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা এবং ভারতীয় উপমহাদেশের মুসলিম সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৮তম পবিত্র বার্ষিক ওরস শরীফ আজ ৩০ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঐতিহাসিক ‘দি মোহামেডান অবজারভার’ পত্রিকার সাবেক এই সম্পাদক ও প্রখ্যাত মরমি কবি, আধ্যাত্মিক ধারায় মির্জাখীল দরবার শরীফের ২য় শাহ্ জাহাঁগীর ফখরুল আরেফীন হযরত মৌলানা শাহ সৈয়্যদ মোহাম্মদ আব্দুল হাই (রহ.)-এর অন্যতম প্রধান খলিফা ছিলেন। তাঁর এই তিরোধান দিবস ও ওরস মোবারককে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালীস্থ মাজার শরীফ প্রাঙ্গণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দ্বীন ও শরিয়তের সুরক্ষায় এবং সুফিবাদের উদার মানবিক দর্শন প্রচারে ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.) আজীবন কাজ করে গেছেন। একই সাথে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক প্রতিরোধ এবং মুসলিম সাংবাদিকতার বিকাশে তাঁর বুদ্ধিবৃত্তিক অবদান উপমহাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময়।
ওরস মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম ও সুফি গবেষকগণ মরহুম পীর সাহেবের বহুমাত্রিক জীবন, আধ্যাত্মিক দর্শন, সাহিত্যকর্ম ও ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকার ওপর বিশেষ আলোকপাত করবেন।