চট্টগ্রামের আনোয়ারার প্রখ্যাত পীর, বার আউলিয়ার অন্যতম হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরস শরীফ আগামীকাল শনিবার, ৬ আষাঢ় (২০ জুন) দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই ওরস শরীফকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্ত ও আশেকানের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে মাজার প্রাঙ্গণ।
ওরস শরীফ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর মাজার শরীফে ঐতিহ্যবাহী নিয়মানুযায়ী নতুন গিলাফ চড়ানো হয়েছে। ওরসের মহিমান্বিত এই আয়োজনকে ঘিরে পুরো দরগাহ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বর্ণিল আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হয়েছে। ভক্তদের আগমন ও অবস্থান সুশৃঙ্খল করতে প্রশাসনের সহযোগিতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও সেবামূলক বুথ স্থাপন করা হয়েছে।
ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের ন্যায় এবারও সম্পূর্ণ আড়ম্বরপূর্ণ ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওরসের সকল আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। দিনভর কোরআনখানি, মিলাদ মাহফিল, জিকির-আজকার ও বিশেষ আলোচনার পর গভীর রাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শরীফের সফল সমাপ্তি ঘটবে।