পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গাজীপুর মহানগরে বর্ণাঢ্য জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জুলুসের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। উদ্বোধনের পর নির্ধারিত সড়ক দিয়ে জুলুসটি প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
পরে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (দ.) ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার শিক্ষা তুলে ধরা হয়।
পরে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মুফিদুল হক। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ এবং মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণের তাওফিক কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। পরে জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।