গরু উপহারের মাধ্যমে হযরত শাহজালালের ওরসে শরিক হলেন প্রধানমন্ত্রী

 

সিলেটের আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে একটি গরু প্রদান করা হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার হস্তান্তর করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেওয়া হয়।

উপহার হস্তান্তর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে শ্রদ্ধার নিদর্শন হিসেবে এই উপহার পাঠানো হয়েছে। আমরা ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছি এবং মাজার এলাকায় সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কাজগুলোও পরিদর্শন করেছি।”
তিনি আরও উল্লেখ করেন যে, ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ভক্ত-আশেকানের সমাগম ঘটে। তাই জননিরাপত্তা ও ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন।

ওরসে আগত ভক্তদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনের আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, “একটি সুন্দর ও শান্তিপূর্ণ ওরস সম্পন্ন করতে সিটি কর্পোরেশন মাজার কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে চাই।”

উপহার প্রদানকালে সিসিকের জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ মাজার কর্তৃপক্ষ ও ওরস আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, আগামী ৭ মে থেকে আধ্যাত্মিক নগরী সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারকের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও এই মহাসম্মেলনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত