কুমিল্লার পাথুরিয়াপাড়াস্থ আব্দুল গণি গাউসিয়া জামে মসজিদে প্রখ্যাত সুফি সাধক ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা, কুতুবুল আউলিয়া হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.)-এর ৬৭তম বার্ষিক ওরশ মোবারক ও দাওয়াতে খায়ের মাহফিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। গত ১ মে ২০২৬, শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা মহানগর ১৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এই আধ্যাত্মিক আয়োজনে কয়েক হাজার আশেকানে মোস্তফা ও ভক্ত-মুরিদান অংশগ্রহণ করেন।
বা’দে আছর থেকে রাত ১১টা পর্যন্ত চলমান এই কর্মসূচিতে পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসূল (দ.) এবং আউলিয়ায়ে কেরামের শানে মানকাবাত পাঠের পাশাপাশি হযরত সিরিকোটির জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা করা হয়।
মাহফিলে প্রধান হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ্। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হযরত সিরিকোটি (রহ.) ছিলেন দ্বীন ও মিল্লাতের এক অনন্য পথপ্রদর্শক, যার প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠানসমূহ আজও উপমহাদেশে সুন্নিয়তের আলো ছড়িয়ে যাচ্ছে। মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং উপস্থিত তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।