আল-আজহারে ইমাম তিরমিযীর দুই কালজয়ী গ্রন্থের খতম, হাদিসি মজলিসকে ঐতিহ্য রক্ষার দুর্গ আখ্যা

মিশরের ঐতিহাসিক আল-আজহার জামে মসজিদে ইমাম তিরমিযী (রহ.)-এর বিখ্যাত দুই গ্রন্থ আল-জামিউল কাবীর ও আশ-শামায়িলুল মুহাম্মাদিয়্যাহ-এর খতম উপলক্ষে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার শরীফের মহাপরিচালক ড. হানি আউদা।

তিনি বলেন, আল-আজহারের মাননীয় গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যিবের দূরদর্শী নেতৃত্বে আল-আজহারের ঐতিহ্যবাহী রিওয়াকভিত্তিক শিক্ষা ব্যবস্থা শুধু মিশরেই নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। মানবজাতির জন্য মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগকে আরও বিস্তৃত করা হয়েছে।

ড. হানি আউদা জানান, গ্র্যান্ড ইমামের নির্দেশনায় আল-আজহার জামে মসজিদ এবং দেশের বিভিন্ন শাখায় চার হাজারেরও বেশি রিওয়াকে ঐতিহ্যবাহী ইসলামী গ্রন্থ পাঠ ও গবেষণার ব্যবস্থা চালু হয়েছে। এসব জ্ঞানচর্চার আসর ইসলামী ঐতিহ্য সংরক্ষণ এবং প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, আজকের এই হাদিসি মজলিসে এমন একদল জ্ঞানপিপাসু শিক্ষার্থী ও আলেম উপস্থিত রয়েছেন, যারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অধ্যয়ন ও প্রচারে আত্মনিয়োগ করেছেন। এ সময় তিনি আল-আজহারের সিনিয়র উলামা পরিষদের সদস্য ও হাদিসবিশারদ অধ্যাপক ড. আহমদ মা’বাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হাদিস শিক্ষায় তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

ড. হানি আউদা বলেন, ইমাম তিরমিযী (রহ.)-এর আল-জামিউল কাবীর এবং আশ-শামায়িলুল মুহাম্মাদিয়্যাহ গ্রন্থের খতম শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং হাদিসশাস্ত্রের সঠিক অনুধাবন, হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের পদ্ধতি এবং রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র চরিত্র ও ব্যক্তিত্ব সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি জোর দিয়ে বলেন, প্রকৃত হাদিস শিক্ষা কেবল অভিজ্ঞ মুহাদ্দিস ও বিজ্ঞ আলেমদের কাছ থেকে সরাসরি গ্রহণের মাধ্যমেই অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানটি আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্যিবের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালামা দাউদ, অধ্যাপক ড. মুস্তফা আবু আমারা এবং অধ্যাপক ড. সুবহি আবদুল ফাত্তাহ রবীসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট হাদিস বিশেষজ্ঞ ও আলেমগণ।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত