আমিরভাণ্ডার দরবার শরীফে সৈয়দ আমিরুজ্জামান শাহ্’র ৯৯তম ওরস শরীফ সম্পন্ন

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক কেন্দ্র আমির ভাণ্ডার দরবার শরীফে প্রখ্যাত সুফি সাধক ও গাউসুল আযম মাইজভাণ্ডারীর অন্যতম খলিফা হযরত শাহ্ আমিরুজ্জামান শাহ্ আমিরভাণ্ডারী (রহ.)-এর ৯৯তম ওফাত বার্ষিকী ও উরস শরীফ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ২০ বৈশাখ রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই আধ্যাত্মিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

উরস শরীফ উপলক্ষে দরবার শরীফে পবিত্র খতমে কুরআন, খতমে সহিহ বুখারী, খতমে গাউসিয়া ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। প্রতিটি ওয়াক্তের নামাজের পর মিলাদ ও কিয়াম এবং দরুদ-সালামের বিশেষ মাহফিল আয়োজিত হয়। বাদে এশা দরবার শরীফের মূল আলোচনা সভায় পীর ও মাশায়েখগণ হযরত আমিরুল আউলিয়া (রহ.)-এর জীবন ও সুফি দর্শনের ওপর আলোকপাত করেন।

উরস শরীফ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার আশেক ও ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়। পরিশেষে, আমির ভাণ্ডার দরবার শরীফের বর্তমান পীর ও গাউছিয়া আমির মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ গোলাম রসুল মোহাম্মদ ফরিদুল আবসার শাহ্ আমিরভাণ্ডারীর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য যে, আমির ভাণ্ডার দরবার শরীফে প্রতি বছর তিনটি প্রধান উরস পালন করা হয়, যার মধ্যে পহেলা মাঘ প্রধান উরস হিসেবে গণ্য। ২০ বৈশাখ হযরত আমিরুজ্জামান শাহ্ (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ উরসটি প্রতি বছর অত্যন্ত ভক্তির সাথে পালিত হয়ে আসছে। প্রতিকূল আবহাওয়া ও কালবৈশাখীর বৃষ্টি উপেক্ষা করেই ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই মাহফিলকে এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত করে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত