আনজুমান ট্রাস্টের ওরস ও কোরবানির পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি সভা সম্পন্ন

 

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.) ও গাউসে জামান সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)-এর বার্ষিক ওরস মোবারক উদযাপন এবং পবিত্র কোরবানির পশুর চামড়া সংগ্রহ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বাদে মাগরিব চট্টগ্রামের ঐতিহ্যবাহী আলমগীর খানকাহ শরীফে এই সভা সম্পন্ন হয়।

ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী ১৯ মে (১লা জিলহজ) হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)-এর ১০৫তম পবিত্র সালানা ওরস এবং ১৫ই জিলহজ হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)-এর ৩৪তম ওরস মোবারক উদযাপনের কর্মসূচিগুলোর বিশদ বিবরণ উপস্থাপন করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় ওরস মোবারক ও কোরবানির পশুর চামড়া সংগ্রহের বাজেট এবং ব্যবস্থাপনা নিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে উন্মুক্ত আলোচনা ও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার শুরুতে গতকাল ওফাতপ্রাপ্ত আনজুমান ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুস সাত্তার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ শোক প্রস্তাব আনা হয়। তরিকত ও মানবিক খিদমতে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীনসহ ট্রাস্ট ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন থানার আহবায়ক ও সদস্যরা আলোচনায় অংশ নেন।

সভার শেষ পর্যায়ে ওরস মোবারকগুলোর সফল আয়োজন এবং কোরবানির চামড়া সংগ্রহে বরকত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আল-কাদেরী। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং আনজুমান ও গাউসিয়া কমিটির সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত