আগামীকাল ঢাকায় জশনে জুলুস, নেতৃত্ব দেবেন পীরে বাঙাল সৈয়দ সাবির শাহ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানী ঢাকায় আগামীকাল রোববার (২৩ আগস্ট) বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হবে। অরাজনৈতিক দ্বীনি প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার ব্যবস্থাপনায় ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা জানান, রোববার সকাল ১০টায় মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা থেকে জশনে জুলুস শুরু হবে। শোভাযাত্রাটি টিক্কাপাড়া, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাতমসজিদ রোড, ধানমণ্ডি-২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী এলাকায় গিয়ে শেষ হবে।

জশনে জুলুসের সমাপনী আয়োজন হবে শ্যামলী ক্লাব মাঠে। সেখানে পবিত্র মাহফিল, জোহরের নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন থাকবে।

জুলুসে ছদারত করবেন আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, পীরে বাঙাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও আওলাদে রাসুল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ আকিব আহমদ শাহ (মা.জি.আ.)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ জশনে জুলুসের আয়োজন করা হয়েছে।

জশনে জুলুস শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত