সীতাকুণ্ডে হযরত মাওলানা শাহ্ সুফি ছিদ্দিক আহম্মদ কুতুব শাহ্ (রহ.)-এর ১২তম বার্ষিক ওরস শরীফ সম্পন্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী মৌলভী পাড়ায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে প্রখ্যাত সুফি সাধক হযরত মাওলানা শাহ্ সুফি ছিদ্দিক আহম্মদ কুতুব শাহ্ (রহ.)—যিনি এলাকায় ‘ছিদ্দিক ফকির’ হিসেবে সুপরিচিত—তার ১২তম বার্ষিক ওরস শরীফ উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার বাদে আসর এইচ আকবর আলী রোড সংলগ্ন সীতাকুণ্ডের ভাটিয়ারী মৌলভী পাড়া এলাকায় এই আজিমুশশান ধর্মীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
ওরস এন্তেজামিয়া কমিটি ও স্থানীয় এলাকাবাসীর যৌথ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আয়োজিত এই আধ্যাত্মিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আশেকান ও ধর্মপ্রাণ সুফি জনতা সমবেত হন।

পবিত্র ওরস শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওলী-আউলিয়াদের জীবনদর্শন, ইসলামের মূল সুমহান আদর্শ এবং আধ্যাত্মিক আত্মশুদ্ধির ক্ষেত্রে সুফিবাদের গুরুত্ব নিয়ে বিস্তারিত ও তাত্ত্বিক আলোচনা পেশ করেন চট্টগ্রামের বানুর বাজারস্থ মাদ্রাসা-এ-মুহাম্মাদিয়া আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মুফতী ওবায়দুল মোস্তফা হাসান কাদেরী।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা পেশ করেন ভাটিয়ারী হাজী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক হযরতুলহাজ্ব আল্লামা মহিউদ্দিন আব্বাস সাহেব এবং ভাটিয়ারী মীরবাগ ফকির মিয়াজী জামে মসজিদের নায়েবে ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ ইউনুছ আল-কাদেরী।

এবারের মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মাহফিলের আধ্যাত্মিক আবহকে আরও বেগবান করেন আমির ভাণ্ডার দরবার শরীফের মুর্শিদে বরহক, হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ্ আল আমির ভাণ্ডারী (রহ.)-এর জামাতা আশেকে আমির মুহাম্মদ আবুল কাশেম (শাহ্ সাহেব)।
দিনব্যাপী পবিত্র কুরআন খতম, খতমে গাউসিয়া, মিলাদ ও কিয়াম শেষে গভীর রাতে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন দরগাহ ও সুফি সংস্কৃতির ওপর হওয়া আঘাত থেকে সুরক্ষার প্রার্থনা করা হয়। একইসাথে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও দীর্ঘমেয়াদী কল্যাণ কামনা করে এই আধ্যাত্মিক মহাসমাবেশের সফল সমাপ্তি ঘটে। মোনাজাত শেষে সমবেত সকল ভক্ত ও মেহমানদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত