আধ্যাত্মিক নগরী সিলেটে অবস্থিত ওলীকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার শরিফ পরিদর্শন ও জিয়ারত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ রবিবার (১৭ মে) তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
মাজার শরিফে পৌঁছালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি মহান সুফি সাধকের মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি ফাতেহা শরিফ পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক সৌহার্দ্য, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, স্থায়িত্ব ও কল্যাণ কামনা করা হয়।
জিয়ারত শেষে হাইকমিশনার মাজারের ঐতিহাসিক স্থাপত্য, জালালি কবুতর ও মাজার সংলগ্ন ঐতিহ্যবাহী বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। দক্ষিণ এশিয়ায় ইসলাম প্রচার এবং এই অঞ্চলের মানুষের মাঝে আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধের বিকাশে হযরত শাহজালাল (রহ.)-এর ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি।
এ সময় মাজারের খাদেমবৃন্দ, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।