শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ার ১০১ প্রতিষ্ঠানে ৫৩৫০ নিবাসীকে খাবার বিতরণ

 

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক হযরত গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর পুত্রবংশীয় আওলাদ অছিয়ে গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর সহধর্মীনি, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মাতা এবং কুতুবুল আকতাব হযরত শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর কনিষ্ঠ কন্যা নারী সুফি উম্মুল আশেকীন শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত বার্ষিকী গতকাল ২০ জুন (শনিবার) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এই উপলক্ষে মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মন্জিল’ এর পক্ষ হতে রাঙ্গুনিয়া উপজেলাধীন ৯৯টি এতিমখানা ও হেফজখানা এবং ২টি অনাথ আশ্রমসহ মোট ১০১টি প্রতিষ্ঠানের ৫ হাজার ৩৫০ জন নিবাসীর মাঝে একবেলা বিশেষ খাবার পরিবেশন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’র পক্ষ হতে গত বছরও মহান ২৩ জ্যৈষ্ঠ শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার ৮৯টি এতিমখানা ও হেফজখানা এবং অনাথ আশ্রমের ৪ হাজার৬০০ নিবাসীর মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়েছিল। ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার ঐতিহ্যবাহী মানবসেবার অংশ হিসেবে প্রতি বছরই এই কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে অমুসলিমদের মাঝেও বিতরণ করা হয় খাবার। (ছবি: সংগৃহীত)

এ বছর রাঙ্গুনিয়া উপজেলার যেসব প্রতিষ্ঠানে খাবার বিতরণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— তাহেরিয়া সাবেরিয়া রাবেয়া হাকিম সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানা, শাহ মজিদিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানা, রাণীরহাট তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা, রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাযিল মাদ্রাসা, তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা, পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসা, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা, বেতাগী হাফেজ ভাণ্ডার অছি-এ গাউসুল আযম হেফজখানা ও দরিদ্রখানা, আলমশাহ পাড়া সূফিয়াবাদ অর্ফানেজ এতিমখানা, জামিয়াতুল মদীনা রাঙ্গুনিয়া, ধর্মরত্ন অনাথ আশ্রম এবং ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয়সহ মোট ১০১টি প্রতিষ্ঠান।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এই বিপুল সংখ্যক এতিম, হেফজখানার শিক্ষার্থী ও অনাথ নিবাসীগণের মাঝে যুগপৎভাবে খাবার পৌঁছে দেয়ায় স্থানীয় আলেম-উলামা, সামাজিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ ‘গাউসিয়া হক মন্জিল’ ও ট্রাস্টের এই মহতী মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং শুকরিয়া জ্ঞাপন করেছেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত