সিরাজগঞ্জের শাহজাদপুরে শোহাদায়ে কারবালার শহীদদের স্মরণে মাহফিল এবং আওলাদে রাসুল হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)-এর পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুন ২০২৬ বাদ আসর থেকে শাহজাদপুরস্থ তৈয়্যেবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গণে এই যৌথ মাহফিলের আয়োজন করা হয়।
তৈয়্যেবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আয়োজিত এই দ্বীনি মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম (বাবু)।
মাহফিলে মাদরাসার প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সুধী সমাজের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম, পরিচালক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ আব্দুল বাসেত। এছাড়াও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে আহলে সুন্নাত, গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, সর্বস্তরের নবীপ্রেমিক ও আহলে বায়েত অনুরাগী জনতা মাহফিলে অংশ নেন।
মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরামগণ কারবালার মহিমান্বিত ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে হযরত ইমাম হোসাইন (রা.)-এর আপসহীন আত্মত্যাগ, আহলে বায়েতের সুমহান জীবনদর্শন এবং গাউসে জামান হযরত তৈয়ব শাহ (রহ.)-এর দ্বীনি ও সংস্কারমূলক অবদানের ওপর কোরআন-সুন্নাহর আলোকে তাত্ত্বিক আলোচনা পেশ করেন। বক্তারা বলেন, কারবালার মূল চেতনাই হলো শত জুলুমের মুখেও হকের পথে অবিচল থাকা, যা যুগের সুফি সাধকগণ তাঁদের জীবনের মাধ্যমে আমাদের শিখিয়ে গেছেন।