রাজধানীতে আহলা দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস

ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানীর মিরপুরে আহলা দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী সদারতে এ জুলুস অনুষ্ঠিত হয়।

জুলুসটি মিরপুর আহলা দরবার শরীফের খানকাহ শরীফ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জুলুসটি মিরপুরের হযরত শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে এসে শেষ হয়।

জুলুস শেষে মিরপুর হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মসজিদ কমপ্লেক্সে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ-কিয়াম, জিকির-আযকার ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী।

আহলা দরবার শরীফের ত্বরিকতভিত্তিক আধ্যাত্মিক সুফি সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ এ এইচ এম নিযামুদ্দীন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নূরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাকালীন সদস্য ও আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ নিজাম উদ্দিন মাহমুদ, কাজী মাওলানা মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী, মোহাম্মদপুর ক্বাদেরীয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মুহাম্মদ নাজমুস সাদাত ফয়েজী, আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নেজাম উদ্দিন চিশতী, সহ-সুপার মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইদ্রিস মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া সেন্টার ফর ইসলামিক হেরিটেজ এর কো-অর্ডিনেটর ইমরান হুসাইন তুষারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও আহলা দরবার শরীফের ভক্ত-আশেকরা জশনে জুলুসে অংশ নেন।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত