মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাইজভাণ্ডারী দরবারের মিলাদুন্নবী ও তাজকিয়া মাহফিল আজ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি আশেকান ও সুফি ঘরানার মানুষদের মাঝে আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দিতে আজ কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ”মিলাদুন্নবী (সা.) ও তাজকিয়া (আত্মশুদ্ধি) মাহফিল”। আজ বৃহস্পতিবার (২১ মে) মালয়েশিয়ার সময় রাত ৮টায় কুয়ালালামপুরের বুকিত বেন্থিং-এর বিখ্যাত ‘পিঠা ঘর’ প্রাঙ্গণে এই বর্ণাঢ্য দ্বীনি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন আন্তর্জাতিক সুফি গবেষণা কেন্দ্র ‘দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট’ (DIRI)-এর সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান আলহাজ্ব হযরত সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।

আধ্যাত্মিক ও শিক্ষাবিদদের এই মিলনমেলায় বিশেষ সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস-চ্যান্সেলর এবং DIRI রিসার্চ সেলের অনারারি মেম্বার প্রফেসর ডক্টর আসিফ মাহবুব করিম।
এছাড়া সম্মানিত বক্তা ও মেহমান হিসেবে আরও উপস্থিত থাকবেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)-এর সেক্রেটারি জেনারেল ডক্টর মো. কাজী সাইফুল আসফিয়া।

আজকের এই আন্তর্জাতিক মাহফিলে কুয়ালালামপুর, সেলাঙ্গরসহ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সুফি অনুরাগী সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। রাতব্যাপী পবিত্র কুরআন তিলাওয়াত, নাত-এ-রাসুল (সা.) পাঠ, শানে গাউসিয়া পরিবেশনা এবং মিলাদ-কিয়াম শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন প্রধান মেহমান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। মোনাজাতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনা করা হবে। মাহফিল শেষে উপস্থিত সকল মেহমান ও ভক্তদের মাঝে ঐতিহ্যবাহী তবারক বিতরণ করা হবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত