মানবিকতার আলো ছড়াচ্ছে ‘হোসাইনী আই কেয়ার সেন্টার’: ফটিকছড়িতে কয়েক শতাধিক রোগীকে সেবা প্রদান

দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত চক্ষুরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে “হোসাইনী আই কেয়ার সেন্টার”। দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন অন্যতম জনকল্যাণমূলক প্রতিষ্ঠান “যাকাত ওয়েলফেয়ার ফান্ড”-এর ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২২ মে) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল নিউ দাঁতমারা টি স্টেট ও তৎসংলগ্ন এলাকায় দিনব্যাপী এক “কমিউনিটি ফ্রি আই কেয়ার ক্যাম্প” অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চা বাগানের শ্রমিকসহ ওই অঞ্চলের কয়েক শতাধিক দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত চক্ষুরোগীকে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ঔষধ এবং চশমাও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

ফ্রি আই কেয়ার ক্যাম্পে আগত রোগীদের অত্যন্ত আন্তরিকতার সাথে সুচিকিৎসা ও পরামর্শ প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কাউসার আলম এবং ডা. মফিজুল মাওলা। অভিজ্ঞ ও সুপরিচিত এই দুই চিকিৎসকের প্রত্যক্ষ ও নিবিড় সেবায় প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য চক্ষুরোগী নতুন করে চোখের আলো ও সুস্থতা ফিরে পান।

ক্যাম্প চলাকালীন যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম তদারকি করেন। এ সময় ফান্ডের দায়িত্বশীলরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুফি দর্শনের মূল শিক্ষাই হলো মানবসেবা। সেই মানবতাবোধ থেকে ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সুচিকিৎসা পৌঁছে দিতে এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত