“যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল”— মহাগ্রন্থ আল-কুরআনের এই শাশ্বত ও মানবিক বাণীকে ধারণ করে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিল।
দরবারের ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর মানবিক উদ্যোগে আরও ৬ জন অসচ্ছল ছানি রোগী সফলভাবে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের মাধ্যমে ফিরে পেয়েছেন নতুন দৃষ্টির আলো।
গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) এই সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়, যার মাধ্যমে আলোকিত হলো ০৬ অসচ্ছল মানুষের জীবন। অপারেশনের মাধ্যমে নতুন দৃষ্টি ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন, আবদুল কাদের (৬২) — শরিয়তপুর; হোসনে আরা বেগম (৬৩) — চান্দঁগাও, চট্টগ্রাম; মনোয়ারা বেগম (৫৫) — ফটিকছড়ি, চট্টগ্রাম; আরফা খাতুন (৮৮) — আনোয়ারা, চট্টগ্রাম; শফিউল আলম (৫৫) — ফটিকছড়ি, চট্টগ্রাম; আক্তার জাহান (৪৬) — ফটিকছড়ি, চট্টগ্রাম।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি-এর নিবিড় ও দক্ষ তত্ত্বাবধানে রোগীদের এই জটিল ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচার শেষে প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্যপরামর্শ এবং পরবর্তী চিকিৎসার জরুরি দিকনির্দেশনা প্রদান করা হয়।
অপারেশন পরবর্তী সময়ে যাকাত ওয়েলফেয়ার ফান্ড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা চিকিৎসাকেন্দ্রে উপস্থিত হয়ে রোগীদের সার্বিক খোঁজখবর নেন। তাঁরা চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে আন্তরিকভাবে অবগত হন এবং তাঁদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
আয়োজকেরা জানান, একটি সফল ছানি অপারেশন শুধু একজন মানুষের দৃষ্টি ফিরিয়ে দেয় না; এটি একটি পরিবারে স্বস্তি, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে। প্রতিটি সফল অপারেশন মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতিফলন। ‘মানুষের সেবাই আমাদের অঙ্গীকার — মানবতার কল্যাণেই আমাদের পথচলা’—এই মূলমন্ত্রকে ধারণ করে মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ার এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।