পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার মহান শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবস্থিত বাগে মদিনা গাউছিয়া দরবার শরীফে এক আলোচনা, তালিম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন (বৃহস্পতিবার) বাদ মাগরিব দরবার শরীফ প্রাঙ্গণে হাজারো ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব ও তালিম প্রদান করেন বাগে মদিনা গাউছিয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দরবার শরীফের সাহেবজাদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাসুম বাকী বিল্লাহ ক্বাদেরী।
তালিমে কারবালার ঐতিহাসিক ঘটনা, শোহাদায়ে কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার শিক্ষা এবং বর্তমান সমাজে আশুরার তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মনিরুজ্জামান মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আতিকুর রহমান, মাওলানা আফছার উদ্দিন, মাওলানা নূর আলম, হাফেজ মোজাহিদ বিল্লাহসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিল শেষে শোহাদায়ে কারবালার রূহের মাগফিরাত, দেশ-জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।