পাবনায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতবিনিময় সভা: সুন্নী জনতাকে ঐক্যবদ্ধ হবার আহ্বান

 

সুন্নিয়তের প্রচার-প্রসার এবং দ্বীনি দাওয়াতকে ত্বরান্বিত করার লক্ষ্যে পাবনায় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ-এর এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ মে) সকাল ১০টায় পাবনার ঐতিহাসিক খাজা নগর দরবার শরীফে কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় জেলা শাখা এই সভার আয়োজন করে।

সভায় উপস্থিত পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামগণ ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরে ‘সুন্নতের খেদমত’-এ আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে বাতিল ফিরকাদের অপতৎপরতা মোকাবিলায় এবং নবী করীম (ﷺ) ও আহলে বায়াত (আ.)-এর ভালোবাসা জনমনে প্রতিষ্ঠিত করতে হলে সুন্নি আলেমদের সুদৃঢ় ঐক্যের কোনো বিকল্প নেই।

আলোচকগণ পাবনা জেলার সকল পীর-মাশায়েখ এবং সুন্নি জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের মূল শক্তি হলো ঐক্য। পাবনার মাটি সুন্নি ও আশেকে রাসুলদের চারণভূমি। এই পবিত্র মাটিতে সকল সুন্নি ভাইদের একতাবদ্ধ হয়ে সুন্নিয়তের ঝাণ্ডাকে সমুন্নত রাখতে হবে।” তাঁরা আরও উল্লেখ করেন যে, ব্যক্তিগত মান-অভিমান ভুলে সকল পীর-মাশায়েখ যদি সুন্নতের খেদমতে এক প্লাটফর্মে দাঁড়ান, তবেই আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তি পাবনাসহ সারা দেশে সুসংহত হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আনসারুল্লাহ, অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ আল মুজাদ্দেদী, অধ্যাপক মাওলানা আবু সালেহ মোহাম্মাদ আলী, মাওলানা ওমর ফারুক মোজাহেদী, মুফতি রিয়াজুদ্দীন সালেহী, মাওলানা আব্দুল মাজেদ খান, পীর মো. ফজলে এলাহী চিশতী ও পীর মো. হযরত আলী চিশতী। এছাড়াও অনুষ্ঠানে মাওলানা মঞ্জুরুল ইসলাম আল-কাদেরী ও মাওলানা সায়াদ উদ্দীন শাহীনসহ জেলার শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন।

খাজা নগর দরবার শরীফে সমবেত অগণিত সুন্নি জনতা এ সময় হাত তুলে সুন্নতের খেদমতে আমৃত্যু ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ ও কিয়ামের মাধ্যমে নবীজীর দরবারে দরুদ ও সালাম পেশ করা হয়। পরিশেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত