পাকুন্দিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জিকরে মিলাদ ও নাত মাহফিল অনুষ্ঠিত 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জিকরে মিলাদ ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ হুসাইন রেজা কাদেরী। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শায়ের মাওলানা রফিকুল ইসলাম কাদেরী। তাঁর পরিবেশিত নাতে রাসুল (দ.) ও আলোচকদের বয়ানে মাহফিল প্রাঙ্গণে ধর্মীয় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মাহফিল পরিচালনা করেন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুমের প্রধান শিক্ষক হাফেজ বাসির উদ্দিন আশরাফী।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকরা জানান, নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম ও এলাকাবাসীর আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত