পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় হযরত শাহজালাল ও শাহপরানের মাজারের আর্থিক স্বচ্ছতা তদারকির উদ্যোগ সিলেট জেলা প্রশাসনের

 

আধ্যাত্মিক রাজধানী সিলেটের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের মূল কেন্দ্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সিলেট জেলা প্রশাসন। এখন থেকে মাজার দুটির যাবতীয় আয়-ব্যয়ের নিখুঁত হিসাব সংরক্ষণ করতে হবে এবং নিয়মিতভাবে জেলা প্রশাসনের নিকট আর্থিক প্রতিবেদন (রিপোর্ট) জমা দিতে হবে।

গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সংশ্লিষ্ট পরিচালনা কমিটিকে এই নির্দেশ দেন।

ডিসি সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় মাজার দুটির পরিচালনা কমিটি, মসজিদ ও মাদ্রাসা কমিটির প্রতিনিধি, মোতাওয়াল্লি, ইসলামিক ফাউন্ডেশন এবং সিলেট সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “মাজার কেন্দ্রিক পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ধর্মীয় ঐতিহ্য ও শৃঙ্খলা বজায় রেখে এসব স্থাপনাকে আরও আধুনিক ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”

মাজারের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ভক্ত ও পর্যটকদের সুবিধার্থে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এই পরিকল্পনার আওতায় মাজার এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, সুপরিসর পার্কিং নির্মাণ, মাজার সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, আধুনিক অবকাঠামোগত উন্নয়ন এবং নারী দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ পৃথক ও সুরক্ষিত সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

আরো পড়ুন
সর্বশেষ
সর্বোচ্চ পঠিত