নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার আউখাবে অবস্থিত ভাণ্ডব খানকাহ শরীফে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে আধ্যাত্মিক সাধক হযরত ফকির শাহ সৈয়দ ইকবাল হোসেন শাহবাজী (রহ.)-এর ১৯তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে ভাণ্ডব খানকাশরীফে এই ওরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পবিত্র ওরস শরীফ উপলক্ষে আউখাব ও ভুলতা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সাজ সাজ রব বিরাজ করে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগী ও ধর্মপ্রাণ মানুষ খানকাশরীফে সমবেত হতে শুরু করেন। উক্ত পবিত্র ওরস শরীফে বর্তমান গদ্দিনেশীন পীরে কামেল ফকির সৈয়দ হোসাইন শাহবাজী (মা.জি.আ.) উপস্থিত থেকে ভক্ত ও আশেকানদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বয়ান পেশ করেন।
ওরসের মূল কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, মিলাদ শরীফ, জিকির-আজকার এবং বিশেষ মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়। পরিশেষে আগত মেহমান ও ভক্তদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই আধ্যাত্মিক সমাবেশের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ওরস শরীফের আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তোলেন।