পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাত খাঁ আলহাজ্ব জোহাইব আশরাফী। সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত নাত মাহফিল, জশনে জুলুস এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের অংশ হিসেবে আগামী ২৫ আগস্ট দিবাগত রাতে—পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর জুলুসের আগের রাতে—নারায়ণগঞ্জের বন্দরস্থ জামেয়া গাউসিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নাত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
আয়োজকরা জানান, ওই মাহফিলে দেশ-বিদেশের খ্যাতিমান নাতখোঁয়াদের পাশাপাশি হাজারো আশিকে রাসূল (দ.)-এর উপস্থিতি ঘটবে। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সফরের সময় আলহাজ্ব জোহাইব আশরাফী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত নাত সম্মেলন, মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁর সুললিত কণ্ঠে নাতে রাসূল (দ.) পরিবেশনা উপমহাদেশজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছরই তাঁর পরিবেশিত নাত বিশ্বজুড়ে কোটি কোটি আশিকে রাসূল (দ.)-এর হৃদয়ে বিশেষ আবেদন সৃষ্টি করে।
জামেয়া গাউসিয়া তৈয়্যেবিয়া তাহেরিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, ২৫ আগস্ট দিবাগত রাতের এই নাত মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিময় পরিবেশ এবং আধ্যাত্মিক আবহে এক ব্যতিক্রমী মিলনমেলায় পরিণত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাতপ্রেমী ও আশিকে রাসূল (দ.)-এর অংশগ্রহণে অনুষ্ঠানটি ঈদে মিলাদুন্নবী (দ.)-এর আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তুলবে।